বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

এক কেজি সরিষার ফলন প্রতি গাছে , উচ্চতা ৮ ফুট!

শেয়ার করুন

সরিষার প্রতি গাছে ফলন হবে এক কেজি, গাছের উচ্চতা ৮ফুট! এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও তা সত্যি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের সাওড়াতলী গ্রামের মাঠে এই দৃশ্য দেখা গেছে। এই সরিষার চাষ করেছেন গ্রামের কৃষক মো. স্বপন। এই বড় আকারের সরিষা গাছের জমি দেখতে ভিড় জমাচ্ছেন পাশের কৃষকরা ও দর্শনার্থীরা। এদিকে প্রতিবেশী কৃষকরাও আগামীতে এই জাতের সরিষার চাষ করবেন বলে জানিয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, সাওড়াতলী গ্রামে পাশাপশি দুইটি জমি। একটিতে হাঁটু সমান সরিষা গাছ। যা প্রচলিত সরিষা গাছ। পাশের জমিতে সরিষা গাছ মানুষের মাথা ছাড়িয়ে গেছে। উচ্চতা ৮ ফুটেরও বেশি। প্রথম দেখায় পাট বা ধইঞ্চার জমি বলে মনে হবে। লম্বা জাতের সরিষার গাছের ফুলে মৌমাছি মধু আহরণে ব্যস্ত। এদিকে কৃষক জমির আগাছা পরিষ্কার করছেন। বাতাসে সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষক ও দর্শনার্থীরা আইল ঘুরে জমি দেখছেন। 

প্রতিবেশী কৃষক আনু মিয়া বলেন, আমার বয়স ৭০ বছর। ২০-২৫ বছর ধরে সরিয়ার চাষ করি। কিন্তু এত বড় সরিষা গাছ কখনও দেখিনি। এই গাছ গুলোতে ভালো ফলন হবে বলে মনে হচ্ছে। আগামীতে আমিও এই জাতের চাষ করবো।

আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, আমি নিয়মিত সরিষার চাষ করি। আগে বারি ১৪ চাষ করেছি। স্বপনের জমির সরিষার ফলন বেশি হবে বলে মনে হচ্ছে। এই সরিষা থেকে ভালো ফসলের সাথে বেশি জ্বালানি পাওয়া যাবে।

কৃষক মো. স্বপন বলেন, অনলাইনে দেখে বীজ আনিয়েছি। ৬১ শতক জমিতে চাষ করেছি। ১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে ফলনের অবস্থা ভালো। আশা করছি লাখ টাকার মতো ফলন পাব। আমি এই জমি থেকে বীজ রাখবো। কেউ ইচ্ছে হলে নিতে পারবেন।

উপসহারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, এই ব্লকে ২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমার চাকরি জীবনে এই প্রথম এত বড় সরিষার গাছ দেখলাম। এটাতে ছড়ার সংখ্যা বেশি। এটা থেকে বেশি তেল পাওয়া যাবে। এই জাতটির নাম হাইব্রিড ৭৭১২ সরিষা বলে জেনেছি। 

উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান বলেন, কৃষক স্বপন ভাই হাইব্রিড একটি বিদেশি সরিষার জাত তার জমিতে আবাদ করেছেন। গাছের উচ্চতা ৮ ফুটের মতো। আমাদের এখানে প্রথম এই জাতটির চাষ হয়েছে। আমরা কৃষকের সাথে যোগাযোগ রেখে পরামর্শ দিচ্ছি। আশা করছি ভালো ফলন হবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগের আরও খবর